বাইডেন প্রশাসনের সতর্কতায় বিটিকয়েনের মূল্য পতন

২২ জানুয়ারি, ২০২১ ০১:১৭  
দুই দিনে এক ধাক্কায় ১০ শতাংশ মূল পতন ঘটেছে বিটকয়েনের। গত ১১ জানুয়ারির পর প্রথম বারের মতো মূল্য নেমে গেছে ৩২ হাজার ডলারে। সব মিলিয়ে গত ৪৮ ঘণ্টায় নিদেন পক্ষে ১০০ কোটি ডলারের মতো ধস নেমেছে ক্রিপ্টোকারেন্সি বাজারে। মার্কিন অর্থ সচিব জ্যানেট ইয়েলেন ক্রিপ্টোকারেন্সির অবৈধ ব্যবহার সম্পর্কে সতর্ক করার পর এই পতন ঘটে। কয়েনডেস্কের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ৮ শতাংশ মূল্য ধসে বিটকয়েনের মূল্য নেমে দাঁড়ায় ৩১ হাজার ৭ ডলারে। অথচ ১১ জানুয়ারি পর্যন্ত কয়েনের মূল্য ছিলো ৩২ হাজার ডলার। অবশ্য গত কয়েক সপ্তাহ ধরে ষাঁড়ের মতো বুনো আচরণ করতে থাকে বিশ্বের সবচেয়ে মূল্যবান এই ডিজিটাল মুদ্রা। মাসের শুরুতে বাজারে উত্তাপ ছড়িয়ে ৪১ হাজার ৯৪০ মার্কিন ডলারে পৌঁছে। তাই এই পতন নতুন সরকারের পদক্ষেপের ফল কি না তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার নয়। কেননা ‘এটি সম্ভবত একটি প্রাকৃতিক সংশোধনী’ বলে মত বিনিয়োগকারীদের। গ্রেস্কেল ইনভেস্টমেন্টস-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল সোনেনশেইন সিএনবিসিকে বলেন, ‘সংশোধনী যে কোন বাজারের একটি স্বাভাবিক অংশ। বিশেষ করে বিটকয়েনে মতো ইকোসিস্টেমে স্বাভাবিক। ‘২০১৬-২০১৭ সাল পর্যন্ত ছয় দফায় ৩০% বা তার বেশী সংশোধনের অভিজ্ঞতা রয়েছে আমাদের’- যোগ করেন তিনি।